ইরানের শাহেদ-১৩৬ ড্রোন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রাস তানুরা রিফাইনারিতে আঘাত হেনেছে। হামলার পর স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র। এখানে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা হয়। সংলগ্ন রপ্তানি টার্মিনাল থেকে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের স্থাপনায় হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে এই হামলাকে নতুন করে উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে।
সময়ভেলা | আন্তর্জাতিক
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট