দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী লা পাজের কাছে এল আলতো শহরের বিমানবন্দরের নিকটবর্তী মহাসড়কে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানান, নতুন ছাপানো বলিভিয়ান মুদ্রা বহন করে সেনাবাহিনীর হারকিউলিস সি-১৩০ বিমানটি সন্তা ক্রুজ থেকে এল আলতো যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে মহাসড়কে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন যাত্রী এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়ির আরোহী ছিলেন তা নিশ্চিত করা যায়নি।
বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা বলেন, বিমানে ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে, দুজন নিখোঁজ। দুর্ঘটনায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া নতুন নোট সংগ্রহ করতে স্থানীয়দের ভিড়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানান, নোটগুলোতে এখনও সিরিয়াল নম্বর বসানো হয়নি, ফলে সেগুলো কার্যকর মুদ্রা নয়।
সময়ভেলা | আন্তর্জাতিক
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট