, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ১৮

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৯:৩০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৯:৩০:৪০ পূর্বাহ্ন
​তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ১৮ সংগৃহিত ছবি
তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাতে রাস্তাঘাট ও ঘরবাড়ি ঢেকে গেছে। বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি গ্রাহক। দুর্যোগে দেশজুড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।


আবহাওয়ার এই তীব্রতা ছড়িয়ে পড়েছে উত্তর–পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। বিভিন্ন এলাকায় ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে এবং তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ।


সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে—পাঁচজন। পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন গভর্নর ক্যাথি হোকুল। শহরের বাসিন্দাদের প্রয়োজনে সহায়তা চাইতে বলেছেন মেয়র জোহরান মামদানি। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুষারঝড়ের কারণে রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবার আরও বেশি ফ্লাইট বাতিল হতে পারে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম। একই সঙ্গে টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিলেন।

জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের বলয় উত্তর–পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে গেলেও আর্কটিকের ঠান্ডা বাতাস আরও প্রবেশ করতে পারে। এতে উত্তর–পূর্বাঞ্চলে আবারও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েক দিন তীব্র শীত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।


সময়ভেলা | আন্তর্জাতিক

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!