ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার (স্থানীয় সময় ভোরে) বাসিলান প্রদেশের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দেওয়া ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ডুবে যায়।
ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন।
ফিলিপাইন কোস্টগার্ডের ডুবুরি দল এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ।
তিনি জানান, উদ্ধার তৎপরতায় গতি আনতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে।
দুর্ঘটনার কারণ অজানা
কী কারণে ফেরিটি ডুবে গেছে— তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে উদ্ধার অভিযানই তাদের প্রধান অগ্রাধিকার।
১১ কোটি ৬০ লাখ মানুষ অধ্যুষিত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছিল।
সূত্র: এএফপি
সময়ভেলা | বিশ্ব
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট