চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ পাশে থাকলে বিএনপি ক্ষমতায় গেলে কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। এতে সাধারণ খেটে-খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারবেন।
রোববার দুপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে কোনো পরিকল্পনা সফল হবে না।”
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে এবং অপরাধী যে-ই হোক, দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে সারা দেশে কর্মসংস্থান বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চসিক মেয়র শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা।
জনসভা শেষে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির প্রার্থীদের ধানের শীষ প্রতীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
সময়ভেলা / রাজনীতি
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট