সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিতে দলের চেয়ারম্যান তারেক রহমান পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হন।
তারেক রহমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতা–কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দেব কিসে—ধানের শীষে’সহ বিভিন্ন স্লোগানে মাঠ মুখর করে তোলেন।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে জনসভা শুরু হয়। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনসভা সঞ্চালনা করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে আয়োজিত আরও ছয়টি নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। এসব সমাবেশে সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
সময়ভেলা | রাজনীতি
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট