সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত করেছে পে-কমিশন। আগামী ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হবে। প্রস্তাবিত পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী কর্মরত রয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে তাদের বেতন কাঠামো সংশোধন করা হয়েছিল। নতুন প্রস্তাব বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় এক লাখ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেড সংখ্যা অপরিবর্তিত রাখা হলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪৪ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সচিবদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।
চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় বরাদ্দ প্রায় ৮৫ হাজার কোটি টাকা। কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে ব্যয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে ব্যয়ের সক্ষমতা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
সময়ভেলা | জাতীয়



সময় ভেলা রিপোর্ট