চিলির দক্ষিণাঞ্চলে অনিয়ন্ত্রিত দাবানলের তাণ্ডবে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির নিউবল ও বায়োবায়ো অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তীব্র বাতাস ও প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনডিটিভির বরাতে জানা গেছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপদ্রুত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেনকো শহরে, যেখানে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ও যানবাহন পুড়ে গেছে।
প্রেসিডেন্ট বোরিক ক্ষতিগ্রস্ত কনসেপসিয়ন শহর পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং কিছু এলাকায় রাতের কারফিউ জারি করেছেন। দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মধ্যে প্রায় ৪ হাজার অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
চিলির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি আরও কঠিন হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সময়ভেলা | বিশ্ব
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট