থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানির দিকে যাচ্ছিল।
স্থানীয় পুলিশ জানায়, চলন্ত ট্রেনের একটি বগির ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ কেটে আটকে পড়া যাত্রীদের বের করে আনছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড জানায়, ট্রেনটিতে যাত্রীর তালিকায় ১৯৫ জনের নাম ছিল। তবে প্রকৃত যাত্রীসংখ্যা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ ও নির্মাণকাজে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
সময়ভেলা | বিশ্ব
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট