৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত!
-
আপলোড সময় :
০৭-০১-২০২৬ ০৪:৫৪:৫৭ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৭-০১-২০২৬ ০৪:৫৪:৫৭ অপরাহ্ন
সংগৃহিত ছবি
দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার আইইডিসিআরের মিলনায়তনে আয়োজিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি’ বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।
আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা জানান, শীতকালে কাঁচা খেজুরের রস পান নিপাহ সংক্রমণের প্রধান কারণ। এছাড়া এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যেও ভাইরাস ছড়াতে পারে। নিপাহ ভাইরাসে আক্রান্তদের প্রায় ৭২ শতাংশের মৃত্যু ঘটে এবং এখনো এর কার্যকর চিকিৎসা বা টিকা নেই।
আইইডিসিআরের সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার জানান, ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলক বেশি। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
বিশেষজ্ঞরা নিপাহ প্রতিরোধে কাঁচা খেজুরের রস না পান করা, ফল ভালোভাবে ধুয়ে খাওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সময়ভেলা | সারাদেশ
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স