যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হয়েছে। হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় নির্দিষ্ট ক্ষেত্রে মার্কিন নন-ইমিগ্র্যান্ট ভিসা, বিশেষ করে বি১/বি২ ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এটি একটি পাইলট কর্মসূচির অংশ, যার লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান বা ‘ওভারস্টে’ কমানো। কনস্যুলার অফিসার আবেদনকারীর প্রোফাইল ও সাক্ষাৎকার মূল্যায়নের ভিত্তিতে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করতে পারবেন।
জামানতের অর্থ অনলাইনে জমা দিতে হবে এবং শর্ত পূরণ হলে তা ফেরতযোগ্য। তবে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বা ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে জামানত বাজেয়াপ্ত হবে। বন্ডধারী যাত্রীদের নির্দিষ্ট তিনটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে।
সময়ভেলা | জাতীয়
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক



সময় ভেলা রিপোর্ট