ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই বিশ্বমঞ্চে টাইগারদের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।
রোববার এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। চমক হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনার সাইফ হাসানকে। তবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের।
উইকেটের পেছনে লিটনের সঙ্গে থাকছেন নুরুল হাসান সোহান। টপ অর্ডারে লিটন ও সাইফ হাসানের সঙ্গে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের ভরসা হিসেবে রাখা হয়েছে তাওহিদ হৃদয় ও শামীম হোসেনকে।
পেস আক্রমণে অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। দলে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
🏏 বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
সময়ভেলা | স্পোর্টস



সময় ভেলা রিপোর্ট