দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় চলমান মার্কিন সামরিক হামলার খবরে চরম উদ্বেগে পড়েছে ভেনেজুয়েলার কারাগারে বন্দি বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন মাহবুবুর রহমানের পরিবার। নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের এই ক্যাপ্টেন গত ১ বছর ধরে সেখানকার একটি কারাগারে আটক রয়েছেন।
২০২৫ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজ-এ একটি দুর্ঘটনার পর তাকে গ্রেপ্তার করে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। দুর্ঘটনায় এক স্থানীয় ডুবুরি নিহত হন। পরদিন ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে আটক করে কারাগারে পাঠানো হয়।
যদিও জাহাজটি পরে মুক্ত হয়ে দেশে ফিরে এসেছে, তবে ক্যাপ্টেন এখনো বন্দি। পরিবারের অভিযোগ, দীর্ঘ বন্দিত্বে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন।
বর্তমানে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুরু হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। তার স্ত্রী বলেন, “যুদ্ধের মধ্যে আমার স্বামী বন্দি—এই ভয় নিয়ে আমরা প্রতিদিন দিন কাটাচ্ছি। জানি না সে নিরাপদ আছে কিনা।”
পরিবারের সদস্যরা দ্রুত কূটনৈতিক উদ্যোগ ও মানবিক বিবেচনায় ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সময়ভেলা/মেরিন নিউজ



সময় ভেলা রিপোর্ট