ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস–কে দেওয়া তথ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এ অভিযানে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স।
ট্রাম্পের দাবি অনুযায়ী, শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় পরিসরের’ সামরিক অভিযানের মধ্যেই মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। তবে কীভাবে তাঁকে ধরা হয়েছে কিংবা কোথায় নেওয়া হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বিবিসি জানায়, এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিতে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
এদিকে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। তবে শনিবার ভোরে হামলার পর রাজধানী কারাকাস–এর দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর একটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি।
অন্যটি হলো ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি—যেখানে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট মাদুরো অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছিল। উল্লেখ্য, ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছিলেন।
— সময়ভেলা / আন্তর্জাতিক



সময় ভেলা রিপোর্ট