, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, ভিসা সেবা স্থগিত!

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১০:১৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১০:১৬:১১ পূর্বাহ্ন
ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, ভিসা সেবা স্থগিত! সংগৃহিত ছবি

সম্প্রতি ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব এবং ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশবিরোধী বিক্ষোভের ঘটনায় ঢাকা–দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে

 

গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি চরমপন্থী সংগঠনের বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এতে অংশ নেয় ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০–২৫ জনের একটি দল, যারা প্রায় ২০ মিনিট ধরে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয় বলে অভিযোগ ওঠে।
 

এর ধারাবাহিকতায় গত সোমবার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। পরিস্থিতির অবনতি ঘটায় ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বাংলাদেশ।

এদিকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি ও অনিবার্য কারণ উল্লেখ করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা। পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত থাকবে।
 

পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ আজ মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন সংকটের ইঙ্গিত মিলছে।
 

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিষয়টিকে আন্তর্জাতিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।এই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উল্লেখ করে একটি বিবৃতি দেয়। একই ইস্যুতে গতকাল শিলিগুড়ি, কলকাতা ও গুয়াহাটিতে বিক্ষোভ এবং মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং আজকের ঘোষিত কর্মসূচির বিষয়টি বিবেচনায় নিয়েই দিল্লিতে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ঢাকা–দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক একটি স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সময়ভেলা | কূটনীতি


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!