পুলিশ ভেরিফিকেশন ছাড়াই হচ্ছে পাসপোর্ট, স্বস্তিতে আবেদনকারীরা!
-
আপলোড সময় :
০৯-১২-২০২৫ ০২:৫৫:০৯ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৯-১২-২০২৫ ০২:৫৫:০৯ অপরাহ্ন
সংগৃহিত ছবি
এখন পাসপোর্ট করতে আর থাকছে না পুলিশ ভেরিফিকেশন। আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে কাউন্টারগুলোয় নেই আগের মতো উপচেপড়া ভিড়। ছবি তোলা শেষে আবেদনকারীরা হাসিমুখে বের হচ্ছেন। পুলিশ ভেরিফিকেশন বাতিলের ফলে স্বস্তির কথা জানান সেবা নিতে আসা মানুষ। আবার পুলিশ প্রতিবেদন শিথিল করায় পাসপোর্টের প্রক্রিয়াও দ্রুততর হয়েছে।
পাসপোর্ট অফিস জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়ায় অপেক্ষমাণ থাকা প্রায় এক লাখ আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া সহজ হয়েছে। বিগত সময়ে পুলিশ প্রতিবেদন প্রাপ্তিতে বিলম্বের কারণে সেগুলো ঝুলে ছিল।
মেহেদী হাসান গত বৃহস্পতিবার সুপার এক্সপ্রেস আবেদন জমা দিয়েছিলেন সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসে। গত রোববার আগারগাঁও অফিসে পাসপোর্ট নিতে এসে তিনি সমকালকে বলেন, পুলিশি তদন্ত তুলে দেওয়ার কারণে একধাপ হয়রানি বন্ধ হয়েছে। পুলিশের হয়রানির কারণে পাসপোর্ট অফিস নিয়েও মানুষের মনে নেতিবাচক ভাবনা ছিল। এখন মানুষের পাসপোর্ট পাওয়া সহজ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ শিহাব উদ্দিন খান বলেন, আগে অনেক আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশি প্রতিবেদন পেতে দেরির কারণে আবেদনকারীদের পাসপোর্ট পেতে বিলম্ব হয়েছে। এ কারণে পাসপোর্ট অফিস সম্পর্কেও জনসাধারণের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। এটা বাতিল হওয়ায় জনসাধারণ পাসপোর্ট পেতে হয়রানি থেকে মুক্তি পেয়েছে।
তিনি বলেন, পুলিশ প্রতিবেদন শিথিল করায় অপেক্ষায় থাকা প্রায় এক লাখ আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। দালাল-প্রতারকের দৌরাত্ম্যও কমে এসেছে।
এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সেখানে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট দেওয়া হবে।
সূত্র: সমকাল
সময়ভেলা/জাতীয়
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স