যশোরের বাঘারপাড়া উপজেলায় সাবেক সংসদ সদস্য (এমপি) রণজিত কুমার রায় এবং তাঁর দুই ছেলের জমি দখল করে আমন ধানের চাষ করা হয়েছে। কিছু জমিতে চাষ করা হয়েছে সবজি। বিএনপির স্থানীয় কর্মীরা তাঁদের প্রায় ১৪ বিঘা জমি এভাবে দখলে নিয়ে চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রণজিত কুমার রায় যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া এবং সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনের এমপি ছিলেন। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন তিনি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রণজিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর রণজিত কুমার রায় দেশ ছেড়ে চলে যান বলে একাধিক সূত্রে জানা গেছে। আত্মগোপনে আছেন তাঁর পরিবারের সদস্যরাও।
বাঘারপাড়ার খাজুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর এবং চাঁপাতলা মৌজায় রণজিত কুমার রায় এবং তাঁর দুই ছেলে রাজীব কুমার রায় ও সজীব কুমার রায়ের ৯টি খতিয়ানে ৬৫১ দশমিক ১৬ শতক জমি রয়েছে। বেশির ভাগ জমির শ্রেণি ধানি। বাসুয়াড়ী ইউনিয়নের আয়াপুর মৌজায় একটি খতিয়ানে রণজিতের ৩৮ শতক ধানি শ্রেণির জমি আছে বলে জানিয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নেছারউদ্দিন আল আজাদ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রণজিত কুমার রায়ের কাছ থেকে বর্গা নিয়ে এসব স্থানীয়রা চাষাবাদ করতেন। ৫ আগস্টের পর থেকে জমিগুলো পতিত ছিল। স্থানীয় বিএনপির এক নেতা এবং কয়েজন কর্মী বর্গাদারদের এসব জমিতে ফসল করতে নিষেধ করেন। আমন মৌসুম শুরু হলে স্থানীয় বিএনপি কর্মীরা ধানের চারা রোপণ করেছেন। দুটি জমির কিছু অংশে সবজি চাষ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো, সমকাল
সময়ভেলা/সারাদেশ
নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন



সময় ভেলা রিপোর্ট