রোববার (১২ অক্টোবর) সকাল থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিক নেতারা।
নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ইউনাইটেড ও সৌখিন পরিবহনের অন্তত ৩০০ গাড়ি। এতে অফিসগামী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্যেশে রওনা হওয়া যাত্রীরা বাস টার্মিনালে এসে পড়েছেন চরম বিপাকে। শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে রোববার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে চলা বিভাগের ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের সব দূরপাল্লার বাসচলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন।
গন্তব্যের উদ্দেশে যেতে না পারায় বিপাকে পড়া যাত্রীরা বলেন, আলোচানার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। পরে সকাল ৮টার পর শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দাবিতে অনশন ধর্মঘটের ডাক দেয় কিছু বাস টার্মিনাল পরিবহন শ্রমিকরা, সব সমস্যার সমাধান করে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থারও দাবি জানান তারা।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বিষয়টি বড় করছে। তারা অনৈতিক সুবিধা নিতে প্রায়ই এমন ঝামেলা সৃষ্টি করে। গতকাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করার সিদ্ধান্ত হওয়ায় বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ঢাকার নেতৃবৃন্দ তা মানতে নারাজ, যার কারণে ইউনাইটেড এবং সৌখিন পরিবহন চলাচল বন্ধ থাকে। আজ সকাল থেকে বিভাগের চার জেলাসহ ঢাকাগামী কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি নিরাপত্তা নিশ্চিতসহ শ্রমিক অরুণের মুক্তি।
নিউজটি আপডেট করেছেন : জাকির হোসেন



ডেস্ক রিপোর্ট