জুলাই ৮
কোটাব্যবস্থা বাতিলের দাবিতে সমন্বয়ক কমিটির সরকারকে ৩ দিনের আল্টিমেটাম
-
আপলোড সময় :
০৮-০৭-২০২৫ ০৪:৩৮:৩২ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৮-০৭-২০২৫ ০৪:৩৮:৩২ অপরাহ্ন
ছবি- ফাইল ফুটেজ
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে গত ৮ জুলাই সারাদেশে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই দিন রাজধানী ঢাকার শাহবাগ, বাংলামটর, মিন্টো রোড, ফার্মগেট, কারওয়ান বাজার, কাঁটাবন, নীলক্ষেত, সায়েন্সল্যাব, চানখাঁরপুল, গুলিস্তান জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ঢাকামুখী সড়ক ও রেলপথ অবরোধ করে। অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সরকারকে তিন দিনের আল্টিমেটাম দেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, এই আন্দোলন সফল করতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে সমন্বয়ক এবং ৪২ জনকে সহ-সমন্বয়ক করা হয়। তিনি জানান, ৯ জুলাই ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হবে এবং ১০ জুলাই সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
বুধবার বেলা ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এছাড়াও তেজগাঁও কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কারওয়ান বাজার থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাবতলী হয়ে ঢাকায় প্রবেশপথ বন্ধ করে দেন, ফলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
এদিনের কর্মসূচি চলাকালে ডিজিএফআই সুরক্ষা বিভাগের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা করেন। তবে, আন্দোলনকারীরা এ বিষয়ে সরাসরি আলোচনা না করে কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বাংলা ব্লকেড কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে পালন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেন। এদিন বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে উভয় লেনে যানজট সৃষ্টি হয়।
এছাড়া, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন আটকে আন্দোলন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আগারগাঁও মোড় অবরোধ করেন। অন্যদিকে, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মডার্ন মোড়ে অবরোধ করেন।
সূত্র: বাসস
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স