আপনার স্মার্টফোন থেকে ই-মেইল, পাসওয়ার্ডসহ ছবি ও বার্তা চুরি করছে যে অ্যাপ
-
আপলোড সময় :
০৮-০৭-২০২৫ ০৩:৫০:০৩ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৮-০৭-২০২৫ ০৩:৫০:০৩ অপরাহ্ন
প্রতিকী ছবি।
স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম এমন একটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে, যা গোপনে ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, কলের তালিকা, বার্তা, ছবি, অবস্থানসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। কানাডার সাইবার নিরাপত্তা গবেষক এরিক ডায়গল এই ব্যাপারে সতর্ক করেছেন। তাঁর দাবি, 'ক্যাটওয়াচফুল' নামক অ্যাপটি একটি শিশুদের জন্য তৈরি নজরদারি অ্যাপ হিসেবে উপস্থাপন করা হলেও, এটি বাস্তবে ব্যবহারকারীর স্মার্টফোনের তথ্য চুরি করে এবং তা গুগলের ফায়ারবেস তথ্যভান্ডারে পাঠিয়ে দেয়।
এরিক ডায়গল জানান, এই অ্যাপটি ইনস্টল হলে গোপনে ব্যবহারকারীর স্মার্টফোনের মাইক্রোফোন চালু করে আশপাশের শব্দ ধারণ করতে পারে। এর পাশাপাশি, সামনের ও পেছনের ক্যামেরাও নিয়ন্ত্রণে নেয় এবং ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম হয়। অ্যাপটি সিস্টেম অ্যাপ হিসেবে নিজেকে লুকিয়ে রাখে, যার ফলে সাধারণ ব্যবহারকারীরা এটি সহজে চিহ্নিত করতে পারেন না।
এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। তাই এটি ইনস্টল করতে হলে ফোনে সরাসরি প্রবেশাধিকার প্রয়োজন হয় এবং এটি অনলাইনে সাইডলোডিংয়ের মাধ্যমে ইনস্টল করা হয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের স্টকারওয়্যার অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা এবং ডিজিটাল নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এ কারণে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, স্মার্টফোনে এমন ক্ষতিকর অ্যাপ থাকলে তা দ্রুত মুছে ফেলতে হবে এবং অ্যাপ ব্যবহারের আগে নির্মাতাদের সম্পর্কে অনলাইনে তথ্য খোঁজার পাশাপাশি অন্যান্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও যাচাই করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স