১০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
-
আপলোড সময় :
০৭-০৭-২০২৫ ০৫:৩৫:৫৪ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৭-০৭-২০২৫ ০৫:৩৫:৫৪ অপরাহ্ন
প্রতিকী ছবি।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, “ফল তৈরির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে নির্ধারিত দিনেই ফলাফল প্রকাশ করা হবে।”
যদিও তিনি সরাসরি ১০ জুলাইয়ের কথা বলেননি, তবে সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে প্রস্তাবিত তারিখগুলোর মধ্যে ১০ জুলাই-ই অগ্রাধিকার পেয়েছে এবং এ তারিখেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সম্মতির ভিত্তিতে দিন চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের ১০ অথবা ১১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। তারই ভিত্তিতে শিক্ষা বোর্ডগুলো ১০ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে।
ফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজেদের বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় ১৫ জুলাইয়ের আগেই ফল প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী ছিল প্রায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
এসএসসি পরীক্ষার তত্ত্বীয় অংশ শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং তা শেষ হয় ১৩ মে। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
চলতি বছরের পরীক্ষাগুলো সম্পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে, যা গত কয়েক বছরের সীমিত পাঠ্যসূচিভিত্তিক পরীক্ষার ধারা থেকে একধাপ অগ্রসর।
এবারের ফল প্রকাশের ক্ষেত্রে পূর্ববর্তী রীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হবে না এবং কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজনও থাকছে না। তবে আন্তঃশিক্ষা বোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন করতে পারে।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, বোর্ডগুলো ১৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১০ জুলাই-ই ফল প্রকাশ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স