, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপিকে সংস্কারবিরোধী চিত্রিত করার অভিযোগে বিএনপির প্রতিবাদ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:২৫:০৭ অপরাহ্ন
​বিএনপিকে সংস্কারবিরোধী চিত্রিত করার অভিযোগে বিএনপির প্রতিবাদ ছবি- বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করেছে, একটি পরিকল্পিত মহল ও চক্র দলটিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে চিত্রিত করে অপপ্রচার চালাচ্ছে। রবিবার (৬ জুলাই) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী বিএনপিকে ভুলভাবে চিত্রায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে। কয়েকজন ব্যক্তি বা গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভাবছেন জনগণ সাড়া দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে জনগণ তাতে সাড়া দিচ্ছে না। এতে তাদের লাভ হবে না, কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে।

তিনি অভিযোগ করেন, মিডিয়ার একটি অংশ ও কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরতে প্রচারণা চালাচ্ছে। তবে তিনি ওই মহল বা ব্যক্তিদের নাম প্রকাশ করেননি।

বিএনপি মহাসচিব বলেন, দলটির সংস্কারের প্রতি অঙ্গীকার প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। তিনি বলেন, ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’, ২০২২ সালে ঘোষিত ২৭ দফা এবং ২০২৩ সালের ৩১ দফা সংস্কার কর্মসূচির মাধ্যমে বিএনপি বারবার প্রমাণ করেছে যে, তারা একটি সংস্কারপন্থী দল। এসব কর্মসূচির ভিত্তিতে তারা দেশজুড়ে প্রচার ও কর্মসূচি চালিয়েছে। তিনি বলেন, আমরা পরীক্ষিত উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকার কথা নয়।

এ সময়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রেক্ষাপটে বিএনপিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করে বিএনপি তাদের অবস্থান ব্যাখ্যা করে। মির্জা ফখরুল বলেন, "নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। জুলাই-আগস্ট বিপ্লবের পক্ষের শক্তিও নয়।"

দলের লিখিত বক্তব্যে বলা হয়, সংস্কার নিয়ে চলমান আলোচনা প্রক্রিয়ায় বিএনপি বিভিন্ন কমিশনের বেশিরভাগ সুপারিশে একমত হয়েছে। বিশেষ করে, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের ৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতে, জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮টির মধ্যে ১৮৭টিতে, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের ৮৯টির মধ্যে ৬২টিতে এবং নির্বাচনব্যবস্থা সংশ্লিষ্ট কমিশনের ২৪৩টির মধ্যে ১৪১টিতে বিএনপি একমত পোষণ করেছে।

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও দলটি মতামত দিয়েছে। সেখানে উল্লেখযোগ্য অনুচ্ছেদ ‘৭০’ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ বিষয়ে বিএনপি ছাড় দিয়েছে বলে জানানো হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের আন্তর্জাতিক নজির না থাকলেও, ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি এ বিষয়ে সম্মত হয়েছে। একইসঙ্গে প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত প্রস্তাবেও দলটি নমনীয়তা দেখিয়েছে।

সংসদের কার্যকারিতা বাড়াতে বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেয়ার প্রস্তাবসহ আসন অনুপাতে কমিটি ভাগাভাগির ক্ষেত্রেও বিএনপি একমত হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা সংশ্লিষ্ট সংবিধানের অনুচ্ছেদ ৪৯ পরিবর্তনেও তারা সম্মতি দিয়েছে বলে জানানো হয়।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, ন্যায়পাল আইনের আধুনিকায়ন এবং এসব ক্ষেত্রে আইনি কাঠামোতে বিশেষায়িত কমিটি গঠনের বিষয়েও বিএনপি একমত হয়েছে। বিচার ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন বিষয়ে বিএনপি একমত হয়ে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা প্রধানমন্ত্রী ও সংসদের কার্যকারিতার মধ্যে কোনো অতিরিক্ত অর্গান বা বডির হস্তক্ষেপ চাই না। সেজন্যই আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি। তিনি আরও বলেন, বিএনপি চায় না দেশে পুনরায় কোনো স্বৈরাচারী শাসনব্যবস্থা গড়ে উঠুক। এ উদ্দেশ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে, কেউ ১০ বছরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকতে পারবে না।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, একটি সর্বজনগ্রাহ্য ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন সম্ভব। আমরা চাই দীর্ঘ আলোচনা যেন না হয়, বরং সংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছানো হোক।

বিএনপি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরার পাশাপাশি অভিযোগ করেছে যে, পরিকল্পিতভাবে তাদের সংস্কার উদ্যোগকে অস্বীকার করে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে। দলটির দাবি, তারা ঐকমত্য প্রতিষ্ঠায় আন্তরিক এবং বিভিন্ন বিষয়ে ছাড় দিয়েও অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে একমত হতে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!