মালয়েশিয়া ফেরত তিনজন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
-
আপলোড সময় :
০৬-০৭-২০২৫ ০৫:৫৭:৫৫ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৬-০৭-২০২৫ ০৫:৫৭:৫৫ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের ‘জঙ্গি ট্যাগ’ দেওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা ভিত্তিহীন। তিনি স্পষ্টভাবে জানান, মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো তিনজন বাংলাদেশি কোনো ধরনের জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত নন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁদের ফেরত পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত রপ্তানি কার্গো ভিলেজ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, “মালয়েশিয়ার পুলিশপ্রধান পাঁচজনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তাঁদের কেউই এখনও বাংলাদেশে ফেরত আসেননি। এ বিষয়ে আমরা সরকারি পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে তাঁদের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা নেই।”
দেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, “সবার সহযোগিতায় দেশে জঙ্গিবাদ নির্মূল সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ায় মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গত ১০ মাসে কেউ কোনো জঙ্গি তৎপরতার তথ্য দিতে পারেনি, কারণ এখন এ ধরনের কোনো তৎপরতা নেই।”
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে রপ্তানি কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে, ফলে কৃষি পণ্য রপ্তানিতে ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। তিনি বলেন, “রপ্তানির পরিমাণ বাড়ায় এখানকার কোল্ড স্টোরেজ বড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
এর আগে, উত্তরা পূর্ব থানা ও শিল্প পুলিশ সদর দফতর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, “নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোরও নিজ নিজ প্রস্তুতি থাকতে হয়। তবে আমাদের পক্ষ থেকে নিরাপত্তার দিক দিয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় যেমন কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুরে মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ইতোমধ্যে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। রংপুরে একটি ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধীই ছাড় পাবে না। যে অন্যায় করবে, সে এলাকায় থাকতে পারবে না, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, অতীতে এমন ঘটনায় সংবাদ আসতো না, এখন মিডিয়া ও তথ্যপ্রযুক্তির কারণে দ্রুত তথ্য পাওয়া যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সম্পর্কে উপদেষ্টা বলেন, “দেশে শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু শিল্প পুলিশের জনবল বাড়েনি। এই ইউনিটের জনবল ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এবং সরকার ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছে।”
উত্তরা পূর্ব থানার কিছু সমস্যার কথাও তিনি উল্লেখ করেন এবং জানান, ওয়াশরুমসহ কিছু অবকাঠামোগত সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। ভবিষ্যতে থানা পরিচালনার জন্য যেসব সহযোগিতা প্রয়োজন, তা ধাপে ধাপে নিশ্চিত করা হবে।
তিনি আশ্বাস দেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স