, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​চাঁদপুরে পুলিশ কর্মকর্তার অস্ত্র চুরি, পিরোজপুর থেকে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৫:১০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৫:১০:১০ অপরাহ্ন
​চাঁদপুরে পুলিশ কর্মকর্তার অস্ত্র চুরি, পিরোজপুর থেকে যুবক গ্রেপ্তার প্রতিকী ছবি। ( গ্রাফিক্স )
 
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এক উপপরিদর্শকের বাসা থেকে সরকারি পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরির ঘটনায় পিরোজপুর জেলার রাজাপুর উপজেলার একটি গ্রাম থেকে আবু সাঈদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) ভোর রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক রুবেল হোসেন ও মো. রাকিব, সঙ্গে ছিলেন থানার আরও কয়েকজন পুলিশ সদস্য।
 
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম রবিবার দুপুরে এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই মামলায় আগে আরও দুইজনকে রাজধানী ঢাকার শাহআলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন রুবেল খান (৩৫) ও মো. সুমন (৩০) । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সরকারি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন। তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত সুমন ও আবু সাঈদ সরাসরি অস্ত্র চুরির সঙ্গে জড়িত ছিলেন, আর রুবেল খান ছিলেন এসব অস্ত্রের ক্রেতা।
 
জানা গেছে, গত ৫ মে ফরিদগঞ্জ থানা চত্বর থেকে প্রায় ১০০ গজ দূরে উপপরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়ার বাসায় ঢুকে অজ্ঞাত ব্যক্তি তার সরকারি পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরি করে নিয়ে যায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করে পুলিশ। পরে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় এবং মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়।
 
উল্লেখ্য, অস্ত্র চুরির সময় ওই পুলিশ কর্মকর্তা বাসায় ছিলেন না বলে দাবি করেছেন তিনি। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে চুরির ঘটনায় অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য কীভাবে চোরেরা জানল, তা এখনো স্পষ্ট নয়। কারণ যেই বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে, সেখানে আরও কয়েকজন পুলিশ সদস্য আলাদাভাবে বসবাস করেন।
 
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সরকারি অস্ত্র চুরির ঘটনা পুলিশ বাহিনীর জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। তবে ফরিদগঞ্জ থানা পুলিশের তৎপরতায় অস্ত্র উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতার জন্য ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!