হজ শেষে দেশে ফিরলেন প্রায় ৬৬ হাজার বাংলাদেশি, বাকি আরও ২১ হাজার
-
আপলোড সময় :
০৫-০৭-২০২৫ ০৬:২৫:২৪ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৫-০৭-২০২৫ ০৬:২৫:২৪ অপরাহ্ন
ছবি- ইন্টারনেট
চলতি বছরের হজ কার্যক্রম শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হজযাত্রী। হজ শেষে ২৫ দিনের ব্যবধানে এসব হাজি সৌদি আরব থেকে বিভিন্ন ফ্লাইটে দেশে এসেছেন। এখনো সৌদি আরবে অবস্থান করছেন প্রায় ২১ হাজার ৫৮৪ জন, যাদের দেশে ফেরার প্রক্রিয়া চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। প্রথম ফ্লাইটটি ছেড়েছিল ২৯ এপ্রিল, আর সর্বশেষটি ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।
হজ শেষে যাত্রী পরিবহনে যুক্ত ছিল তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। এদের মধ্যে সবচেয়ে বেশি হাজি ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ, যারা এখন পর্যন্ত ৮৫টি ফ্লাইট পরিচালনা করে দেশে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হাজি। সৌদি এয়ারলাইন্স ৭২টি ফ্লাইটে ফিরিয়েছে ২৬ হাজার ৩৫৪ জন, আর ফ্লাইনাস পরিচালিত ২৩টি ফ্লাইটে এসেছেন ৮ হাজার ৭৭৬ জন।
ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারিভাবে ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন। সব মিলিয়ে পরিচালিত হয়েছে ১৮০টি ফিরতি হজ ফ্লাইট।
এদিকে হজ পালনের সময় সৌদি আরবে প্রাণ হারিয়েছেন ৪২ জন বাংলাদেশি হাজি। এদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। অধিকাংশের মৃত্যু হয়েছে বার্ধক্য ও দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণে।
হজযাত্রীদের সেবা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে সরকারের পক্ষ থেকে বিমানবন্দর, মেডিকেল সাপোর্ট ও সহায়ক কর্মীদের টিম প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে হজ অফিস।
এবারের হজ্ব কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
কমেন্ট বক্স