, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অভিযোগে কারখানার শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৩:৩৯:০৫ অপরাহ্ন
চুরির অভিযোগে কারখানার শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা কারখানায় চুরির অপবাদে এক তরুণ শ্রমিকক হৃদয়কে রশি দিয়ে বেঁধে পেটানোর সিসিটভি ফুটেজ।

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে চুরির অপবাদে এক তরুণ শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে। পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে একজনকে গ্রেপ্তার করেছে।
 
নিহত শ্রমিকের নাম হৃদয় (১৯) । তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে এবং কারখানাটিতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার ভোরের দিকে কোনাবাড়ীর গ্রিনল্যান্ড লিমিটেড কারখানায় এই নির্মম হত্যার ঘটনা ঘটে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হৃদয়কে কারখানার ভেতরে একটি কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে বসানো হয়েছে। তিনি খালি গায়ে কাতরাচ্ছিলেন এবং তাঁর মুখ ও নাক থেকে রক্ত ঝরছিল। আশপাশের কয়েকজনকে বলতে শোনা যায়, ‘এত করে পিটানো হইছে, (তারপরও) কিছুই হয় নাই, মরে নাই।’ ভিডিওর অন্য অংশে দেখা যায়, তাঁকে টেনেহিঁচড়ে অন্য কক্ষে নেওয়া হচ্ছে। একজনের হাতে কাঠের লাঠিও দেখা গেছে।
 
হৃদয়ের বড় ভাই লিটন মিয়া জানান, শনিবার সন্ধ্যায় হৃদয়ের খোঁজ না পেয়ে তিনি ও তাঁদের মা কারখানায় যান। সেখানে গিয়ে শ্রমিকদের বিক্ষোভ এবং চুরির অভিযোগে হৃদয়কে মারধর করে হত্যার খবর জানতে পারেন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁরা হৃদয়ের মরদেহ শনাক্ত করেন।
 
এ ঘটনায় লিটন মিয়া কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর রোববার রাতে পুলিশ হাসান মাহমুদ নামে ওই কারখানার এক শ্রমিককে গ্রেপ্তার করে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন জানান, হত্যার ঘটনায় আরও যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
 
এদিকে ঘটনার পর গ্রিনল্যান্ড লিমিটেড কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করে। তবে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, কারখানাটি মাত্র দুই দিনের ছুটি দিয়েছে এবং আগামীকাল (মঙ্গলবার) থেকে কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
ঘটনার বিষয়ে জানতে গ্রিনল্যান্ড লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামরুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
 

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো  বাংলাদেশের সুযোগ!

​বিশ্বকাপ নাটকে নতুন মোড়, টি-২০ বিশ্বকাপে এখনো বাংলাদেশের সুযোগ!