​খামেনি নিহতের পর করাচিতে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, নিহত ৮!

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:৫১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:৫১:৪৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির পুলিশ ও উদ্ধার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


রোববার শত শত বিক্ষোভকারী কনস্যুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কনস্যুলেটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে।

ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কনস্যুলেটের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চলছে। জানালা ও দরজার কাচ ভাঙচুর করা হয়েছে। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশে আগুনও দেওয়া হয়েছে।


এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর হামলা চালানো হলে ‘অভূতপূর্ব শক্তি’ দিয়ে জবাব দেওয়া হবে।

খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ার পাশাপাশি আঞ্চলিক অস্থিরতা আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সময়ভেলা/বিশ্ব

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005