​আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের অতর্কিত হামলা, টিটিপি ঘাঁটি লক্ষ্যবস্তু!

আপলোড সময় : ২২-০২-২০২৬ ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন
আফগানিস্তানের অভ্যন্তর ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

পাকিস্তান সরকার নির্দিষ্ট কোনো স্থানের নাম প্রকাশ না করলেও জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপি ও সহযোগী আইএসের অন্তত সাতটি ক্যাম্প ও গোপন আস্তানায় অভিযান চালানো হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় ১১ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনার জন্য টিটিপিকে দায়ী করে ইসলামাবাদ।

এর আগে গত বছরের অক্টোবরেও আফগানিস্তানের গভীরে জঙ্গি আস্তানায় হামলা চালায় পাকিস্তান। দেশটির দাবি, আঞ্চলিক শান্তি ও নাগরিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে সর্বশেষ হামলায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। আফগানিস্তান সরকারও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ হামলার ফলে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে এবং পাল্টাপাল্টি পদক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সময়ভেলা | আন্তর্জাতিক ডেস্ক

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005