​বিপিএল সুপার ফোর শুরু আজ, এলিমিনেটরে মুখোমুখি রংপুর–সিলেট!

আপলোড সময় : ২০-০১-২০২৬ ১১:২১:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ১১:২১:০৪ পূর্বাহ্ন
বিপিএলে লিগ পর্ব শেষ হয়েছে দুদিন আগে। এক দিনের বিরতি শেষে আজ শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। বরাবরের মতোই নকআউট ধাপে জমে উঠেছে উত্তেজনা। আজকের দুটি ম্যাচই হাইভোল্টেজ হলেও সবচেয়ে বেশি নজর থাকবে এলিমিনেটর ম্যাচে।


এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এই ম্যাচে পরাজিত দল সরাসরি বিপিএল থেকে বিদায় নেবে। কাগজে-কলমে এবারের শক্তিশালী দল রংপুরের বিদায় দেখতে চান না সমর্থকরা, আবার সিলেটের সমর্থকরাও আশা করছেন নিজেদের দলের জয়।


রংপুর শুরু থেকেই এলিমিনেটর ও কোয়ালিফায়ার মাথায় রেখে দল গঠন করেছে। বিদেশি তারকায় ভরপুর স্কোয়াড, ছন্দে ফেরা দেশি ক্রিকেটার এবং কোচ মিকি আর্থারের পরিকল্পনায় শেষ দুই ম্যাচ জিতে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করে তারা। অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ওপেনিং জুটিও নজর কাড়ছে।


অন্যদিকে সিলেট টাইটান্স নকআউটের আগে বিদেশি শক্তি বাড়িয়েছে। ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে দলে ভিড়িয়েছে তারা। কোচ সোহেল ইসলামের বিশ্বাস, তারকা ক্রিকেটারদের উপস্থিতি ম্যাচে বাড়তি চাপ তৈরি করবে প্রতিপক্ষের ওপর।

এদিকে কোয়ালিফায়ারে আজ লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। লিগ পর্বে ধারাবাহিক পারফরম্যান্সে রাজশাহী ছিল সবচেয়ে স্থিতিশীল দল, আর দেশি ক্রিকেটারনির্ভর চট্টগ্রামও খেলেছে চোখে পড়ার মতো ক্রিকেট।

সুপার ফোরের শুরুতেই তাই বিপিএল সমর্থকদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা।


সময়ভেলা | স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005