ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের, বিক্ষোভে নিহত ৫৩৮!

আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান পরিস্থিতি শুরু করেছে বলেই মনে হচ্ছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

 

এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, “আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি। সামরিক বাহিনী বিষয়টি নজরে রেখেছে। আমরা একটি সিদ্ধান্ত নেব।”
 

এর মধ্যেই ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের বেশির ভাগই বিক্ষোভকারী, যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি।
 

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুঁশিয়ারির জবাবে তেহরান পাল্টা সতর্কতা দিয়ে বলেছে, ইরানে হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে।
 

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবাদ জনগণের অধিকার হলেও ‘দাঙ্গাবাজদের’ সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হয়ে দ্রুত রাজনৈতিক রূপ নেয় এবং দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
 

সময়ভেলা | বিশ্ব

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005