হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দেওয়ার কাজ চলছে: ডিবি

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১০:৩১:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:৩১:৪৫ পূর্বাহ্ন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) পূর্বঘোষিত সময়ের মধ্যেই দাখিলের প্রস্তুতি চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও তথ্য যাচাই করা হচ্ছে।
 

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তদন্ত নিজস্ব ধারায় এগোচ্ছে এবং সামাজিক মাধ্যমে আসা ভয়েস রেকর্ড, ভিডিওসহ সব দাবি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।
 

সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু ভিডিওতে ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করে বিদেশে অবস্থানের কথা বলেছেন। তবে ভিডিওগুলোর সত্যতা এখনো নিশ্চিত হয়নি। সর্বশেষ একটি ভিডিওতে তাকে দুবাইয়ের শারজাহতে থাকার দাবি করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি যাচাই করছে।
 

এদিকে একটি ভেরিফাইড নয়—এমন ফেসবুক পেজ থেকে ফয়সালের মোবাইল লোকেশন ডিওএইচএস এলাকায় পাওয়া গেছে বলে দাবি করা হয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কেবল কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে নির্দিষ্ট কোনো বাসা বা ফ্ল্যাট শনাক্ত করা সম্ভব নয়।

শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের ব্যানারে সমাবেশে হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের একজনকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

— সময়ভেলা/অপরাধ

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005