ই-সিগারেট, ভেপ, হিটেড টোব্যাকোসহ সব ধরনের তামাকপণ্য নিষিদ্ধ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির অনুমোদনে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ অধ্যাদেশ কার্যকর হয়।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ আইনে জনসমাগমস্থল ও গণপরিবহনে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিধান লঙ্ঘনে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।
নতুন আইনে ই-সিগারেট, ইএনডিএস, হিটেড টোব্যাকো, নিকোটিন পাউচসহ সব উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ—সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া সব মাধ্যমে তামাকের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ, বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন বন্ধ, সিএসআর কার্যক্রমে তামাক কোম্পানির নাম-লোগো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রিও নিষিদ্ধ।
তামাক পণ্যের প্যাকেটে ৭৫ শতাংশ জায়গাজুড়ে সতর্কবার্তা বাধ্যতামূলক করা হয়েছে। জরিমানা ও কারাদণ্ড বাড়ানোর পাশাপাশি কোম্পানির লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধানও যুক্ত করা হয়েছে।
— সময়ভেলা/আইন