বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম ভেন্যু হঠাৎ বাতিল হওয়ায় অস্বস্তিতে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সিলেটে তিনটি ম্যাচ শেষে ৩০ ডিসেম্বর চট্টগ্রামে গিয়ে দুই দিন বিশ্রাম ও অনুশীলনের পরিকল্পনা থাকলেও বিপিএল গভর্নিং কাউন্সিল দলটিকে দ্রুত সিলেটে ফিরে আসতে বলেছে। পরিবর্তিত সূচিতে টানা তিন ম্যাচ রাখায় প্রশ্ন তুলেছে দলটির টিম ম্যানেজমেন্ট।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুই দিন খেলা স্থগিত হওয়ায় সূচি সমন্বয়ের অংশ হিসেবে চট্টগ্রাম ভেন্যু বাতিল করে সিলেট ও ঢাকায় ম্যাচগুলো স্থানান্তর করা হয়েছে। ফাইনাল ২৩ জানুয়ারির মধ্যেই শেষ করতে হবে এবং জাতীয় দলের আন্তর্জাতিক সূচি ও প্রডাকশন পরিকল্পনার কারণেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আগে সূচি অনুযায়ী ৫–১২ জানুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল। ভেন্যু বাতিলে চট্টগ্রামের দর্শকদের হতাশা স্বীকার করে বিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। নতুন সূচিতে ১–১২ জানুয়ারি সিলেটে টানা খেলা চলবে। ১৩–১৪ জানুয়ারি বিরতির পর ১৫ জানুয়ারি থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা পর্ব শুরু হবে। গ্রুপ পর্ব শেষ হবে ১৬–১৭ জানুয়ারি, এলিমিনেটর ও কোয়ালিফায়ার ১৯ ও ২১ জানুয়ারি, আর ফাইনাল ২৩ জানুয়ারি ঢাকায়।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।
সময়ভেলা/স্পোর্টস