মানুষের ভালোবাসায় শোকের শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

আপলোড সময় : ০১-০১-২০২৬ ১২:১৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ১২:১৬:২১ অপরাহ্ন

নিজের নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তাঁর পরিবার হয়ে উঠেছে—এমন অনুভূতির কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শোকের এই কঠিন সময়ে দেশবাসীর বিপুল ভালোবাসা ও সহমর্মিতা তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি।পোস্টে তারেক রহমান গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁর মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে।
 

তিনি বলেন, লক্ষ-লক্ষ মানুষের উপস্থিতি ও শ্রদ্ধা আবারও প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়া শুধু তাঁর মা নন, বহু মানুষের কাছে তিনি ছিলেন জাতির মায়ের মতো।
 

বিদেশি কূটনীতিকদের সমবেদনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক কূটনীতিকদের উপস্থিতি তাঁদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে।মায়ের আদর্শের কথা উল্লেখ করে তারেক রহমান প্রতিশ্রুতি দেন—যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি মানুষের সেবার সেই যাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।


শেষে তিনি মহান আল্লাহর কাছে তাঁর মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, ভালোবাসা, ত্যাগ ও দেশপ্রেম থেকেই জাতি শক্তি ও ঐক্য খুঁজে পাবে।
 

সময়ভেলা/রাজনীতি

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005