এনসিপি’র মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া!

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৬:১৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৬:১৪:১৮ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিকেলে এনসিপি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনার তথ্যও নিশ্চিত হয়েছে। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি শুরুতে গোপন থাকলেও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
 

মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও। তিনি জানান, আসিফ মাহমুদ তাঁদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’
 

মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ রয়েছে।
 

উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে তিনি ওই আসনে ভোটার তালিকাভুক্ত হয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। ফলে এনসিপিতে তাঁর যোগদান ও একাধিক আসন ঘিরে রাজনৈতিক তৎপরতা নতুন আলোচনা সৃষ্টি করেছে।

সময়ভেলা/রাজনীতি

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005