রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা গুরুত্ব পাবে।
বিবিসি জানায়, জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন—রাশিয়া সেনা প্রত্যাহার করলে ইউক্রেনও দোনবাস থেকে সেনা সরাবে। তবে এ বিষয়ে এখনো রাশিয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই।
শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই কিয়েভ ও খারকিভ-সহ বিভিন্ন এলাকায় রুশ বিমান হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের মেয়র জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।জেলেনস্কির দাবি, ২০ দফার শান্তি পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প বলেন, তিনি শান্তি আলোচনায় ইতিবাচক এবং উভয় পক্ষের সঙ্গেই অগ্রগতির আশা করছেন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান এই যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের দোনবাস অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। বিশ্লেষকদের মতে, আজকের বৈঠক যুদ্ধ বন্ধে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।
সূত্র: বিবিসি
সময়ভেলা/বিশ্ব