জাতীয় দলের ব্যাটিং কোচ হচ্ছেন আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক!

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:০৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:০৮:২৬ অপরাহ্ন
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।


খেলা ছাড়ার পর থেকেই কোচিং পেশায় সক্রিয় আশরাফুল ইতিমধ্যে লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট সম্পন্ন করেছেন। তিনি বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং জাতীয় ক্রিকেট লিগে বরিশাল দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া নারী ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের কোচের দায়িত্বও পালন করেছেন।


বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উত্থান শুরু আশরাফুলের হাত ধরেই। ওর খেলার অভিজ্ঞতা নতুন প্রজন্মের ব্যাটারদের অনেক কাজে আসবে। প্লেয়ারদের ট্যাকটিক্যাল ভুল কমাতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।”

আরেক পরিচালক আমজাদ হোসেন জানান, “আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আশরাফুলের নিয়োগ হয়েছে। পরে বিশ্বকাপের আগে পুনর্বিবেচনা করা হবে।”

নতুন দায়িত্ব পাওয়া আবদুর রাজ্জাক বলেন, “টিম ডিরেক্টর হিসেবে আমি সহায়তামূলক ভূমিকা রাখব। আশরাফুলকে এক সিরিজের জন্য নেওয়া হয়েছে, কাজের ধরন দেখেই পরবর্তী সিদ্ধান্ত আসবে।”

তিনি আরও জানান, “মোহাম্মদ সালাউদ্দিন এখনো সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন। কাউকে সরানো হয়নি, বরং কোচিং প্যানেলে বাড়তি একজনকে যুক্ত করা হয়েছে।”

সময়ভেলা/স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005