মন্থর গতিতে ২০০ পার: ২ বল থাকতেই ‘কালো পিচে’ অলআউট বাংলাদেশ!

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৫:৪২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৫:৪২:৫১ অপরাহ্ন

উইকেটে সময় কাটাতে খুব একটা বেগ পেতে হয়নি নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনের। ব্যাটে বল নিতেও কষ্ট হয়নি। কিন্তু প্রত্যাশা মিটিয়ে রান করতে পারেননি তারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের রহস্যে মোড়া কালো মাটির উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেনেটুনে ২০৭ রান করে দুই বল থাকতে অলআউট হয়েছে বাংলাদেশ।

শনিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীও অধিনায়ক শেই হোপ। ব্যাটারদের উইকেটের রহস্যের ফাঁদে ফেলতে চাননি তিনি। সন্ধ্যার পরে পড়া শিশিরের কথাও বিবেচনায় রেখেছিলেন। ব্যাটিংয়ে নেমেই ২.১ ওভারে ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। 

 
 

চাপে পড়া দলকে উদ্ধার করলেও শান্ত ও হৃদয় ধীর গতির ব্যাটিং করেন। তিনে নামা শান্ত ৬৩ বলে দুই চারের শটে ৩২ রান করে আউট হন। হৃদয়ের সঙ্গে তার ৭১ রানের জুটি হয় তার। দলকে ভরসা দেওয়া হৃদয় ৯০ বলে ৫১ রান করেন। দলের রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করার আগেই সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে তিনটি চারের শট আসে।

অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে তিনটি চারের শটে ৪৬ রান করেন। তিনিও শুরুতে সময় নিয়ে খেলেছেন। বল খেলতে, উইকেটে সেট হতে অসুবিধা হয়নি তারও। কিন্তু রান করতে পারছিলেন না। স্লগে নিজের ফিফটির সঙ্গে দলের রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন। শট খেলতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার। 

 

এরপর নুরুল হাসান সোহান (১০ বলে ৯) ক্রিজে এসেই আউট হলে দুইশ’ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ছোট্ট দুটি ইনিংস খেলে ওই শঙ্কা দূরে করেন। ইনিংসের প্রথম দুটি ছক্কা মারেন লেগ স্পিনার রিশাদ। তিনি ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৬ রান করেন। তানভীর এক ছক্কায় ৯ রান করেন। 

বাংলাদেশ ২৯৮ বলের ইনিংসে ১২ চারের সঙ্গে মাত্র তিনটি ছক্কা মারতে পেরেছে। ১৮৩টি ডট বল দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস ৭ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। পার্ট টাইম স্পিনার জাস্টিন গ্রেভস ৫ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্পিনার রোস্টন চেক ১০ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৬০ বলে ৩৭টিই ডট দিয়েছেন তিনি। বাঁ-হাতি স্পিনার খেরি পেরি ১ উইকেট নিলেও ৬০ বলে ৪৬টিই ডট করেছেন।

সময়ভেলা স্পোর্টস

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005