চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হবে। দুপুর ২টা থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।
বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশ নেয় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ কম।
পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে সহজেই তাদের ফল জানতে পারবে। এসএমএসে ফল জানতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে, এরপর আবার একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল (২০২৫) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন— SSC DHA 123456 2025 লিখে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন শিক্ষার্থীদের জন্য একইভাবে ‘Dakhil MAD রোল নম্বর ২০২৫’ ফরম্যাটে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে ফলাফল জানা যাবে। কারিগরি বোর্ডের জন্য টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর ২০২৫ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে। www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষাবোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে।
শিক্ষাবোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটেও একইভাবে ফল প্রকাশ করা হবে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেও অনলাইনে বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, কোনো জাতীয় দৈনিক পত্রিকা বা শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে না। কেবল শিক্ষা বোর্ডের নির্ধারিত মাধ্যমগুলো থেকেই ফল জানা যাবে।
ফল প্রকাশের পর ফলাফল নিয়ে যদি কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকে, তাহলে ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
শিক্ষা বোর্ডগুলো এবার কেন্দ্রীয়ভাবে একযোগে নয়, বরং বোর্ডওয়ারি ফলাফল প্রকাশ করবে। বোর্ডগুলোর মধ্যে রয়েছে— ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
এই ফল প্রকাশের মাধ্যমে পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে আজ।