যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত শুক্রবার, ৪ জুলাই, ঘটে যাওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থানরত প্রায় ২০ জন মেয়েশিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই টেক্সাসের বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ করে আশঙ্কাজনক হারে বেড়ে যায়। মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬ ফুট বা প্রায় ৮ মিটার বেড়ে যায়, যার ফলে আশপাশের এলাকা দ্রুত পানিতে প্লাবিত হয়ে পড়ে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টি, যেখানে কারভিল নামক শহর ভয়াবহভাবে আক্রান্ত হয়।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, দ্রুত নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আগেভাগে সতর্কবার্তা জারি করা সম্ভব হয়নি। এই বন্যাকে তিনি ‘ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, এত দ্রুত পানি বেড়েছে যে স্থানীয় প্রশাসন পরিস্থিতি বোঝার আগেই বহু মানুষ পানিতে আটকে পড়ে।
কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা শুক্রবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। তবে তিনি আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শেরিফের মতে, নিখোঁজ শিশুদের জীবন হুমকির মুখে রয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।
অন্যদিকে, কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, দুর্যোগটি এত দ্রুত ঘটেছে যে, রাডারেও তা আগে থেকে সনাক্ত করা যায়নি। তার ভাষায়, রাতের অন্ধকারে ভোর হওয়ার আগেই আকস্মিকভাবে পানি প্রবাহিত হয় এবং দুই ঘণ্টারও কম সময়ে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়ে। ফলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পূর্ব প্রস্তুতির সময় মেলেনি।
বিবিসি জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রায় ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ মেয়েশিশুদের খোঁজে তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারে নিয়োজিত রয়েছে ১৪টি হেলিকপ্টার ও ১২টি ড্রোন। সেই সঙ্গে শত শত উদ্ধারকর্মী কাজ করছেন বন্যাকবলিত এলাকায়। কিছু মানুষ গাছের ডালে আটকে ছিল, আবার কেউ কেউ প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নদীর পাশেই অবস্থিত গ্রীষ্মকালীন ক্যাম্পে তখন প্রায় ৭০০ শিশু অবস্থান করছিল। অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনার পর টেক্সাসের বিভিন্ন সংস্থা, সরকারি ও বেসরকারি উদ্ধার টিম এবং স্বাস্থ্য সংস্থাগুলো মাঠে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যেই কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা জারি করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই এলাকাগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজ চলমান এবং নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বন্যার পানি কিছুটা কমলেও এখনো বহু এলাকা পানির নিচে রয়েছে। কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।