​জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় রাজপথে কর্মসূচির হুঁশিয়ারি ইউনাইটেড পিপলস বাংলাদেশের

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৪:১৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৪:২১:১১ অপরাহ্ন

প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) । সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, সরকার যদি দ্রুত এই ঘোষণাপত্র প্রকাশ না করে, তাহলে তারা জুলাই মাসজুড়ে রাজপথে কঠোর কর্মসূচি পালন করবে।

আজ সোমবার (৩০ জুন) রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংবাদ সম্মেলনে আলী আহসান জুনায়েদ বলেন, গত ছয় মাস ধরে সরকার বারবার জুলাই ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। তিনি জানান, সর্বশেষ গত মে মাসে সরকারের পক্ষ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের কথা বলা হয়েছিল। কিন্তু গত ২৫ জুন সেই সময়সীমা শেষ হলেও সরকার কোনো ঘোষণা বা ব্যাখ্যা দেয়নি।

জুনায়েদ এটিকে কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, বরং জনগণের সাথে সরাসরি প্রতারণা বলে অভিহিত করেন। তিনি বলেন, এই অবহেলার দায় সরকারকেই নিতে হবে। যদি সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে ইউনাইটেড পিপলস বাংলাদেশ রাজপথে কঠোর কর্মসূচিতে নামবে।

জুলাই মাসজুড়ে আপ বাংলাদেশ ধারাবাহিক কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। এই কর্মসূচিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সংগঠনটি সক্রিয় থাকবে বলে জানান জুনায়েদ। তিনি জোর দিয়ে বলেন, আপ বাংলাদেশ সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে কাজ করবে, যা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করলে স্পষ্ট হবে।

কোটা আন্দোলন প্রসঙ্গে আলী আহসান জুনায়েদ বলেন, মুক্তিযুদ্ধ যেমন কারো একার নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনও কোনো একক দলের সম্পদ নয়। তিনি আন্দোলনকারীদের প্রকৃত দাবিগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে আহত আন্দোলনকারীদের চিকিৎসা, পুনর্বাসন এবং তাদের সুস্থ জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে তিনি মনে করেন। তবে আন্দোলনকারীদের সন্তান বা নাতি-নাতনীদের জন্য আলাদা সুবিধা দেওয়ার বিষয়টি তিনি সমর্থন করেন না।

তিনি আরও বলেন, সরকার যদি গণঅভ্যুত্থান এবং কোটা সংস্কারসহ চলমান জনমতের প্রতি শ্রদ্ধা না দেখায় এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আপ বাংলাদেশ রাজপথেই তাদের দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি প্রবাসী এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথেও নিয়মিত মতবিনিময় করার কথা জানান।

জুনায়েদ বারবার করে বলেন, আপ বাংলাদেশ জনগণের অধিকার রক্ষায় কাজ করে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে অটল থাকবে। সরকারের প্রতি তাঁর আহ্বান, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং কোটা আন্দোলনসহ অন্যান্য জনসম্পৃক্ত ইস্যুগুলোতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005