রামপুরায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্থ ও মোবাইল ছিনতাই

আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৪:৩৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৪:৩৮:১২ অপরাহ্ন
 
রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন আল মামুন (৩৫) নামে এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় তাকে ছুরিকাঘাত করে নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
আহত আল মামুনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
 
আল মামুনের বড় ভাই আল আমিন জানান, আল মামুনের বাসা ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা প্রতিষ্ঠান পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায়। ঘটনার সময় তিনি মাগরিবের নামাজ পড়ার জন্য বাসা থেকে বাগিচারটেক ৩ নম্বর গলির আনসার ক্যাম্প সংলগ্ন জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন স্থানীয় মাদকসেবী তার পথরোধ করে। একপর্যায়ে তারা তাকে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
 
আল আমিন আরও জানান, স্থানীয়রা আল মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005