সীমান্তে ভারত- পাকিস্তান গোলাগুলি চলছে।

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১০:৫৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১০:৫৮:৪১ অপরাহ্ন
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির বিমানবাহিনীর দাবি, তাদের পাল্টা আক্রমণে ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। এদিকে, মঙ্গলবার রাত থেকেই সীমান্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে সীমান্ত এলাকায় তীব্র গোলাবর্ষণ শুরু হয়। তিনি জানান, হাভেলির ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার শেল একটি বসতবাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ নিহত হন এবং একাধিক নারী ও শিশু আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেপুটি কমিশনার আরও জানান, সীমান্ত পেরিয়ে আসা গুলিতে পাশের আরেকটি গ্রামে এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও পুঞ্চ-রাজৌরির ভিম্বার গলিতে গোলাবর্ষণ করেছে। এর জবাবে ভারতও উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সীমান্ত পরিস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ পরিস্থিতি আরও বড় সংঘর্ষে রূপ নিতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : শামীম আহমেদ


অফিস :

অফিস : MG SAM Center, 12 Mohakhali C/A, Dhaka-1212

ইমেইল : info@shomoybhela.com

মোবাইল : +880 1335-149005